• বৃহঃ. এপ্রি ১৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

স্বাস্থ্যের গাড়ি চালক আব্দুল মালেকের বিরুদ্ধে ২ মামলা

সেপ্টে ২১, ২০২০

অবৈধ অস্ত্র ও জালনোটের কারবার এবং চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলের গাড়িচালক আব্দুল মালক ওরফে বাদলের (৬৩) বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে র‌্যাব।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তুরাগ থানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাদী হয়ে দু’টি মামলা দায়ের করে।

তুরাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যের পরিবহন পুলের চালক আব্দুল মালেকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। দু’টি মামলাই র‌্যাব বাদী হয়ে করেছে।

এর আগে, গোপন সূত্রে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া বামনের টেক ৪২ নম্বর হাজি কমপ্লেক্স ভবন থেকে আব্দুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এসময় তার কাছ থেকে বিদশি পিস্তল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জালনোট, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

অষ্টম শ্রেণি পাস আব্দুল মালেক অধিদফতরের চাকরির পাশাপাশি নানা অবৈধ কর্মকাণ্ড চালাতেন। অবৈধ অস্ত্র ও জালনোটের কারবার ছাড়াও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি।

তুরাগ থানা এলাকার দক্ষিণ কামাড়পাড়ায় দু’টি সাততলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে চার কাঠা জমিতে নির্মাণাধীন ১০তলা ভবন রয়েছে তার। এছাড়া দক্ষিণ কামাড়পাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন তিনি। বিভিন্ন ব্যাংকে নামে-বেনাম বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে তার।

bitcoin mixer