• সোম. জুলা ৬, ২০২৬

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কটের আহবান

জুলা ১, ২০২৬ #কুড়িগ্রাম

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক সভা আজ বুধবার ০১ জুলাই ২০২৬ স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তাগণ কুড়িগ্রামের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সনাক সভাপতি রওশন আরা চৌধুরী’র সভাপতিত্বে এবং সনাক সহসভাপতি শাকিলা শারমিন বন্যা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো: আতিকুর রহমান। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সহসভাপতি ফজলে এলাহী স্বপন, সনাক সদস্য সামিউল হক নান্টু, আহসানহাবীব নীলু, প্রতিমা চৌধুরী, জুলকারনাইন স্বপন, ইউসুফ আলমগীর প্রমুখ।
মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি ইয়েস গ্রুপের পক্ষ থেকে দলনেতা আজিজুল হক, সদস্য ছাদেকুল ইসলাম, সাগর মিয়া, সুরাইয়া শিমু, ও ইলমুন জাহান বক্তব্য রাখেন। পাঁচগাছি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র এসিজি’র সদস্য লাভলী আক্তার, কাঠালবাড়ি ইউনিয়র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসিজি’র সদস্য স্বরস্বতি রানি, যতিনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি’র জাহানুর রহমান খোকন, ভোগডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি’র লুৎফর রহমান, গয়ারি সানরাইজ প্রাথমিক বিদ্যালয় এসিজি’র শাপলা রানী, শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এজিসি’র সদস্য কেমি আক্তার, টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজি থেকে নুরনবী সরকার, বেলগাছা বরকাতিযা উচ্চ বিদ্যালয়ের এসিজি’র সমন্বয়ক রফিকুজ্জামান বাবলু, দাসেরহাট উচ্চ বিদ্যালয় এসিজি’র সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা ভুমি আফিস এসিজি’র সদস্য সাইদুর রহমান তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন এবং দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করার আহবান জানান। কর্মসূচির শেষ পর্যায়ে সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রতিমা চৌধুরী সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। সবশেষে সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণের পরিবেশনায় দুর্নীতিবিরোধী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

bitcoin mixer