স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। সংস্থাটির নিজস্ব অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝার নুরানি ও হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর রংপুর জোনের জোনাল ম্যানেজার এস.এম. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরসিতাইঝার নুরানি ও হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির কুড়িগ্রাম এরিয়া ম্যানেজার মো. আনারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. আনিছুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এগিয়ে আসা জরুরি। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও তারা উল্লেখ করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা এনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কুড়িগ্রামে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের শীতবস্ত্র বিতরণ
