কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
জানা গেছে, কুমিল্লার পাথর ব্যবসায়ী শফিকুল ইসলাম সোনাহাট স্থলবন্দর এলাকায় বানুরকটি মৌজার এ/৮৯৮ ও এ/১১৪৬ খতিয়ানভুক্ত ২৬৬৯ ও ২৬৭৩ নম্বর দাগে মোট ৬৩ শতক জমি ক্রয় করে সেখানে ‘মেসার্স মারিয়া ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভারত থেকে পাথর আমদানি করে ব্যবসা করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এলাকার কিছু প্রভাবশালী মাটি ব্যবসায়ী ভেকু মেশিন ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষে শফিকুল ইসলামের ভাই মো. সাব্বির হোসেন (পিতা: আব্দুর রশিদ, সাং: ঘোড়াশাল, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা) গত ২২ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল না পাওয়ায় বাধ্য হয়ে আইনগত আশ্রয় নিতে হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে স্থানীয় অবৈধ ইটভাটাগুলোতে সরবরাহ করে আসছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থলবন্দর এলাকার ব্যবসায়িক পরিবেশও হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ ইটভাটায় অভিযান, জড়িত মাটি ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর নজরদারির দাবি জানিয়েছে।
