নিউজ ডেস্ক:
রংপুরে ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৫ উদ্যাপিত হয়েছে। রবিবার (২৮শে সেস্টেম্বর) বিকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও টিআইবি, রংপুর এই অনুষ্ঠান আয়োজন করে।
সভাপতির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, নাগরিকের তথ্য জনার পথকে সুগম করেছে তথ্য অধিকার আইন। এই আইনের প্রয়োগকারী হচ্ছেন জনগণ। অবাধ তথ্য সরবরাহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে। তথ্য অধিকার আইনের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সচেতনতার অভাবে পুরোপুরি বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। তিনি তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলাপ্রশাসক মো: রমিজ আলম ও রংপুর টিআইবি-এর এরিয়া কো-অর্ডিনেটোর মো: আলমগীর কবির।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ প্রত্যেক প্রতিষ্ঠানের আপডেট তথ্য ওয়েবসাইটে আপলোডকরণ, তথ্য প্রাপ্তির সময়সীমা কমানো, তথ্য অধিকার বিষয়ে ব্যাপক প্রচার প্রভৃতি বিষয়ে মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নাগরিকেরা তথ্য চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য।
